Friday, November 13

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য মনোনয়নের পদ্ধতি বিলুপ্ত করে নারীদের সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে আসার সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি মনে করেন, দেশের নারীরা এখন রাজনীতিতে আগের তুলনায় অনেক বেশি যোগ্য ও দক্ষ। তাই সংরক্ষিত আসনের ওপর নির্ভর না করে তাদের সরাসরি নির্বাচনে অংশ নেওয়া উচিত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্পিকার বলেন, আগের তুলনায় সংসদে নারী সদস্যদের দক্ষতা ও অংশগ্রহণ বেড়েছে। বর্তমানে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্যদের মধ্যে ছয়জন ব্যারিস্টার রয়েছেন। এ ছাড়া সাত-আটজন নারী সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে এসেছেন। সংসদে তাদের বক্তব্য শুনে তিনি মুগ্ধ হন বলেও জানান।

তিনি বলেন, বর্তমানে নারী সংসদ সদস্যরা বেশ দক্ষ ও স্মার্ট। তাদের বক্তব্য সংসদীয় কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখছে। এ অবস্থায় নারীদের জন্য সংরক্ষিত আসনে মনোনয়নের পরিবর্তে সরাসরি নির্বাচনের সুযোগ তৈরি করা প্রয়োজন।

নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের পক্ষে মত দিয়ে স্পিকার বলেন, এখনো অধিকাংশ নারী সংসদ সদস্য মনোনয়নের মাধ্যমে আসেন। তার মতে, রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে এক-তৃতীয়াংশ নারী প্রার্থী মনোনয়ন দেওয়া উচিত, যাতে নারীরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদে আসতে পারেন।

সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়ানোর পরিবর্তে এ ব্যবস্থা বিলুপ্ত করার পক্ষে নিজের অবস্থান তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রথম জাতীয় সংসদে নারীদের জন্য ১৫টি আসন সংরক্ষিত ছিল। তখন নারীরা তুলনামূলকভাবে পিছিয়ে থাকায় তাদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এ ব্যবস্থা চালু করা হয়েছিল। পরবর্তী সময়ে সংরক্ষিত আসনের সংখ্যা বাড়তে বাড়তে বর্তমানে ৫০টিতে দাঁড়িয়েছে।

স্পিকার বলেন, তার ব্যক্তিগত মত হলো, দেশের নারীরা এখন প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেছেন। এভাবে মনোনয়নের মাধ্যমে সুযোগ দিতে থাকলে তারা নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থেকে পিছিয়ে থাকবেন।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় অনেক যোগ্য নারী নেত্রী রয়েছেন, যারা সরাসরি নির্বাচনে অংশ নিয়ে পুরুষ প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদে আসতে সক্ষম। রাজনীতিতে নারীদের এ অগ্রগতি দেশের সামগ্রিক সামাজিক অগ্রগতিরও প্রতিফলন।

Leave A Reply


Math Captcha
− 1 = 5