Monday, November 9

দীর্ঘ দুই বছরের বেশি সময় ভারতে অবস্থানের পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এ খবর প্রকাশের পর শেখ হাসিনাকে ‘খাঁচায়’ আসার আমন্ত্রণ জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন আসিফ মাহমুদ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’

এর আগে রয়টার্সের দেখা একটি চিঠির বরাতে জানা যায়, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) পাঠানো ওই চিঠিতে তাঁর আইনজীবীরা নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান। ২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা।

Leave A Reply


Math Captcha
4 + 2 =