এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাক হোসেনদের। মাদক নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
তিনি লেখেন, একজন প্রতিমন্ত্রী হয়েও কেন ইশরাক হোসেনকে অস্ত্র হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে রাস্তায় নামতে হলো, সে প্রশ্নের জবাব সরকারের কাছে চাওয়া জরুরি। মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যথাযথভাবে কাজ করলে এমন পরিস্থিতি তৈরি হতো কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
হাসনাত বলেন, এ পরিস্থিতির দায় শুধু ইশরাক হোসেনের কি না, নাকি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতারও দায় রয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। একজন প্রতিমন্ত্রীকে সরিয়ে দেওয়াই যদি সমাধান হিসেবে বিবেচিত হয়, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত হবে কীভাবে?
প্রধানমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে নিজে তদারকি করতে হলে এবং প্রতিমন্ত্রীকে মাদক নিয়ন্ত্রণে সরাসরি মাঠে নামতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবেই।
তিনি আরও বলেন, ব্যক্তিকে সরিয়ে দিয়ে সাময়িকভাবে সংকট সামাল দেওয়া সম্ভব হলেও প্রাতিষ্ঠানিক ব্যর্থতার সমাধান হয় না। রাষ্ট্রকে কার্যকর করতে হলে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো, ব্যর্থতার কারণ অনুসন্ধান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা জরুরি।
স্ট্যাটাসের শেষাংশে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘দিনশেষে ঘের দখল, দুর্নীতি ও ঘুষের মামলায় সাজাপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে জনাব ইশরাক হোসেনদের।’

