‘বিরোধী দল জুলাইকে ধারণ করে না’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি এতে যোগ দেননি। একই মঞ্চে বসতে আপত্তি থাকলে শহীদ পরিবারের সঙ্গে বসতে পারতেন বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে। তারা আগের অবস্থায় ফিরে এসেছে।’
তিনি বলেন, বর্তমান বিরোধী দল শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে। সরকারের বিরোধিতা অবশ্যই করা যাবে, তবে তা গঠনমূলক হওয়া উচিত। দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে জনগণই সিদ্ধান্ত নিয়েছে আগামী পাঁচ বছর কারা দেশ পরিচালনা করবে। বিএনপিকে সরকারে এবং বর্তমান বিরোধী দলকে বিরোধী দলে রেখেছে জনগণ। অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকেও অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেন তিনি।
জুলাই আন্দোলনের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা। জুলাই আন্দোলনে ৮১৩ জন শহীদের নাম স্মৃতিস্তম্ভে লিপিবদ্ধ রয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

