Wednesday, October 21

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইশরাক। এর আগে রোববার তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে ইশরাক ও তার দপ্তর ওই খবরকে গুজব, অসত্য ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছিল।

ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হবো, ইনশাআল্লাহ।’

মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে, শুরু হয় আলোচনা

সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে হাতে পিস্তল নিয়ে অংশ নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ইশরাক হোসেনকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়। তবে সোমবার সকালে তার ফেসবুক পোস্টের আগ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

নিজের পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের উল্লাসসূচক মন্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন প্রতিমন্ত্রী। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিদেশ থেকে দেশে ফিরে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে কাজের ঘোষণা

পদত্যাগের পর নিজের পরিকল্পনা তুলে ধরে ইশরাক জানান, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করার কথাও জানান তিনি।

এ ছাড়া দেশব্যাপী ‘প্রজন্ম দল’-এর সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথা পোস্টে উল্লেখ করেন ইশরাক।

পোস্টের শেষে তিনি লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’

তবে সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়ে তিনি কী আনুষ্ঠানিক ঘোষণা দেন, তা জানতে দুপুরের বক্তব্যের জন্য অপেক্ষা করতে হবে।

Leave A Reply


Math Captcha
52 − 45 =