Monday, October 19

প্রতিদিন সংসদে দাঁড়িয়ে বিএনপি ‘টিয়া পাখির মতো মিথ্যা কথা বলছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, জুলাই সনদের ১৮টি ধারা নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও দলটি জাতির সঙ্গে প্রতারণা করছে বলে দাবি করেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের ১ বছর, প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

রাষ্ট্রীয় কাঠামো নিয়ে প্রশ্ন

আলোচনা সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, সালাহউদ্দিন আহমদ যেভাবে প্রধানমন্ত্রীকে ফিটনেসবিহীন গাড়িতে তুলে দিয়েছেন, তাতে প্রধানমন্ত্রী হয়তো আপাতত খুশি আছেন। তবে প্রধানমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শন, ময়লা পরিষ্কারের কথা বলা কিংবা ফুটপাত পরিদর্শনের মতো কাজে যুক্ত হতে হলে রাষ্ট্রীয় কাঠামোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী যদি হাসপাতাল পরিদর্শন করতে হয়, তাহলে বুঝে নিতে হবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে হাসপাতাল পরিদর্শন যার করার কথা, সেটির স্ট্রাকচার কলাপস করেছে।”

রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্য নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা। তাঁর দাবি, একটি নির্দিষ্ট গোষ্ঠীর ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতে গিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ ও মীর শাহে আলমের মতো ব্যবসায়ীদের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট প্রভাব বিস্তারের অভিযোগ তোলেন তিনি। ৫ আগস্টের পর দেশে ফিরে কেউ কেউ প্রভাবশালী মন্ত্রীর ভূমিকায় আবির্ভূত হয়েছেন বলেও মন্তব্য করেন হাসনাত।

বিএনপির সমর্থকদের নিয়েও মন্তব্য

হাসনাত আবদুল্লাহ বলেন, নতুন করে বিএনপিতে যুক্ত হওয়া ব্যক্তিরা এখন দলটির পক্ষে অবস্থান নিচ্ছেন। তবে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত অনেকেই লজ্জায় ক্যামেরার সামনে আসছেন না বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদ বীরবিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
+ 79 = 88