দেশে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি; বরং দুর্নীতি, অনিয়ম ও অন্যায় বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর অভিযোগ, বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণ চলছে। বর্তমান সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুর মহানগর জামায়াত আয়োজিত ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুরের উচিং শহীদ আব্দুল মালেক মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় অস্বীকার করা হচ্ছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হচ্ছে না। তাঁর ভাষ্য, গত নির্বাচনের আগে একটি দল নির্বাচন হয়ে গেলে সব সমস্যার সমাধান হবে বলে প্রচার করেছিল। কিন্তু বর্তমানে সমস্যাগুলো আরও বেড়েছে।
তিনি বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা ছিল একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু বর্তমান সরকারের সময়ে বৈষম্যের নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
‘এভাবে চললে গন্তব্য হবে হাসিনার মতো’
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর জামায়াত ও তরুণ সমাজের প্রত্যাশার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, তাঁদের আশা ছিল একটি শোষণমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে। কিন্তু শিক্ষাঙ্গনে দলীয়করণ, লুটপাট এবং উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, এসব ক্ষেত্রে আগের সরকারের ধারাবাহিকতা দেখা যাচ্ছে।
বর্তমান সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এভাবে চলতে থাকলে আপনাদের গন্তব্য হবে হাসিনার মতোই।’
মুসলিম বিশ্বের পরিস্থিতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলিম বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁর মতে, একনায়কতন্ত্রের পরিবর্তে আরেকটি শোষণমূলক ব্যবস্থার প্রতিষ্ঠা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে না।
এ সময় তিনি জামায়াতে ইসলামীকে জনগণের নিরাপত্তার আশ্রয়স্থল হিসেবে উল্লেখ করেন।
রুকনদের নৈতিক আচরণের আহ্বান
সম্মেলনে দলের রুকনদের উদ্দেশে ডা. শফিকুর রহমান আত্মশুদ্ধি, ইসলামী চেতনা ও উত্তম আচরণের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিও দায়িত্বশীল হতে হবে। মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে।
ইসলাম প্রতিষ্ঠার প্রসঙ্গে তিনি বলেন, শুধু তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি; মহানবী (সা.)-এর আদর্শ ও আচরণ মানুষকে আকৃষ্ট করেছে। তিনি সুদ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের দায়িত্ব আল্লাহর দাসত্ব করা।
সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে দারসুল কোরআন পেশ করেন মাওলানা আব্দুল হালিম। এ ছাড়া দেশীয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।

