নিজস্ব প্রতিবেদক
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো কালি লেপে দেওয়ার ঘটনাকে ‘সাম্প্রদায়িক জামাতি অপকর্ম’ বলে আখ্যা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক নুর এ আহ্বান জানান।
পোস্টে তিনি লেখেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথের ছবিতে চুনকালির মতো সাম্প্রদায়িক জামাতি অপকর্ম রুখে দাঁড়ান! ৫ আগস্টের পর থেকে জামায়াত-শিবির জুলাইয়ে নাম বিভিন্ন প্ল্যাটফর্ম খুলে এসব মব ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড করাচ্ছে।’
এর আগে দেওয়া আরেকটি পোস্টে ভারতের বিজেপি ও আরএসএসের সঙ্গে বাংলাদেশের জামায়াত-শিবিরের রাজনীতির তুলনা টেনে প্রশ্ন তোলেন তিনি।
এর আগে শনিবার (১০ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো কালি লেপে দেওয়ার ঘটনা ঘটে। ‘ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বাংলাদেশবিরোধী’ আখ্যা দিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ঘটনার সময় পুলিশ বাধা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। পরে ঘটনাস্থল থেকে আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমিকে (২৭) আটক করে পুলিশ। পরবর্তী সময়ে তাঁদের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গত ৫ অক্টোবর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে দেয়ালচিত্রগুলো আঁকে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসহ শিল্প-সংস্কৃতি অঙ্গনের ১০ জন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি স্থান পেয়েছিল।

