Saturday, October 10

বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন না করলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এমন পরিস্থিতি তৈরি হলে এর দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা ওবায়েদ। দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শামা ওবায়েদ বলেন, ১৭ বছর ধরে নির্যাতন, হামলা-মামলা ও গুমের ঘটনা দেখেছেন তাঁরা। ছাত্র-জনতা স্বৈরাচারকে পরাজিত করার পর দেশ যখন স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।

তিনি বলেন, বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন না করলে ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে জামায়াতে ইসলামীকে এর দায় নিতে হবে।

বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়েও সমালোচনা

বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন শামা ওবায়েদ। তিনি দাবি করেন, ওই সরকারের আমলে এ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ও বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য কাজ হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকার দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, দলের ভেতরে যেন স্বৈরাচারী শক্তি প্রবেশ করে ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায়ও বিএনপি অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিক্ষোভ মিছিলটি নগরকান্দা সদর পেট্রল পাম্প থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে নগরকান্দা এমএন একাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Leave A Reply


Math Captcha
− 2 = 2