Sunday, September 27

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, তারেক রহমানের হাতে আলাদিনের চেরাগ নেই যে তিন-চার বা পাঁচ মাসের মধ্যে দীর্ঘদিনের সব সমস্যার সমাধান হয়ে যাবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, দীর্ঘ আন্দোলনের পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন দায়িত্ব শেষ হয়ে যায়নি। গণতন্ত্র ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সরকারকে সহযোগিতা করতে হবে।

সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস ও অর্থনীতির বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন করার আগে সরকারের হাতে থাকা সময়ও বিবেচনায় নেওয়া উচিত। মাত্র কয়েক মাসের মধ্যে দীর্ঘদিনের সংকটের সমাধান করা সম্ভব নয়।

তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে নির্বাচিত সরকারকে দ্রুত হটানোর জন্য আন্দোলনে না গিয়ে ধৈর্য ধরতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে একটি সরকার যাবে এবং আরেকটি সরকার আসবে—এ জন্য প্রয়োজন ধৈর্য।

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সময় ও সহযোগিতার প্রয়োজন উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, একটি গাছ লাগানোর পর সেটিকে বড় হতে সময় দিতে হয়, পানি দিতে হয় এবং ফল আসা পর্যন্ত পরিচর্যা করতে হয়। একইভাবে গণতন্ত্রকেও শক্তিশালী করতে সময় দিতে হবে।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন সরকারকে সময় দেওয়া উচিত। পাঁচ বছর পর আবার নির্বাচন হবে। তখন জনগণ যাকে ভোট দেবে, সেই সরকারই দায়িত্ব নেবে।

আবদুস সালাম আরও বলেন, রাজনৈতিক দলগুলোর নিজেদের চাওয়া-পাওয়া থাকতেই পারে। তবে সবার আগে জনগণের অভাব-অভিযোগের সমাধান করতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে হলে তাদের জীবনযাত্রার সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোকে মনোযোগ দিতে হবে।

তিনি বলেন, নিজেদের মধ্যে বিরোধে না জড়িয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করা উচিত, যাতে দেশকে কাঙ্ক্ষিত পথে ফিরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়। জাতীয় ঐক্য ধরে রেখে দেশের অর্থনীতি, বিদ্যুৎ, জ্বালানি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Leave A Reply


Math Captcha
− 1 = 1