Sunday, September 27

নিজস্ব প্রতিবেদক

বিএনপি সরকারের বিরুদ্ধে জনগণের অধিকার হরণ ও গণতন্ত্র ক্ষুণ্ন করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ক্ষমতা ছাড়ার পথ নিজেকেই বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঢাকা থেকে রংপুরমুখী ১১–দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, অতীতে যারা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কীভাবে ক্ষমতা ছাড়বেন।

তিনি বলেন, ‘হেলিকপ্টারে করে দেশ থেকে পালিয়ে যাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন—সে সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে।’ এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের পদত্যাগের উদাহরণ টানেন।

সমাবেশে নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, সরকার সম্প্রতি গুম ও মানবাধিকার-সংক্রান্ত আইন পাস করেছে এবং র‍্যাবের পরিবর্তে এসআরবি নামের প্রতিষ্ঠান করেছে। তাঁর দাবি, সরকারের দায়িত্ব মানবাধিকার সুরক্ষা দেওয়া হলেও বর্তমান কর্মকাণ্ডে মানবাধিকার লঙ্ঘনের সুযোগ তৈরি হচ্ছে।

শেখ হাসিনার সরকারের সময়ে যেসব আইন ও প্রতিষ্ঠান জনগণের অধিকার ক্ষুণ্ন করতে ব্যবহৃত হয়েছে বলে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারও সেগুলো ব্যবহার করছে বলে দাবি করেন এনসিপির আহ্বায়ক।

লংমার্চ ঘিরে জনসমর্থন তৈরি হয়েছে দাবি করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, কর্মসূচির পথে ১১–দলীয় ঐক্যের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। তাঁর অভিযোগ, বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি সিটি করপোরেশনের লোকজনও এতে যুক্ত হয়েছেন। তবে এভাবে লংমার্চের কর্মসূচি থামানো যাবে না বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলের দাবির সংখ্যা বাড়ছে। তাঁর ভাষায়, ‘সব দফা গিয়ে এক দফায় ঠেকবে।’ এ জন্য ১১–দলীয় ঐক্যের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী সমাবেশে আরও বক্তব্য দেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলামসহ জোটের বিভিন্ন দলের নেতারা।

সমাপনী বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি এর আগে আট দফা দাবি যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে বলে সরকারকে সতর্ক করেন।

Leave A Reply


Math Captcha
3 + 3 =