যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস-এর বাইরে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নাস্যায়ার বেস্ট (২১) নামে এক বন্দুকধারী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ওয়াশিংটন ডিসি-র ১৭ নম্বর নর্থওয়েস্ট স্ট্রিট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন বেস্ট। একপর্যায়ে তিনি হোয়াইট হাউসের একটি চেকপয়েন্ট লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করেন।

তবে দ্রুত সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নাস্যায়ার বেস্ট মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং এর আগেও হোয়াইট হাউসের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির কারণে তিনি সিক্রেট সার্ভিসের নজরদারিতে ছিলেন।

আদালতের নথি অনুযায়ী, তিনি নিজেকে যিশুখ্রিষ্ট দাবি করেছিলেন এবং পূর্বে হোয়াইট হাউস থেকে দূরে থাকার নির্দেশ অমান্য করেছিলেন। গত জুনে তাকে মানসিক চিকিৎসাকেন্দ্রেও পাঠানো হয়েছিল।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন, “এটি প্রমাণ করে যে ভবিষ্যতের সব প্রেসিডেন্টের জন্য ওয়াশিংটন ডিসিতে একটি নিরাপদ ও সুরক্ষিত জায়গা তৈরি করা কতটা জরুরি।”

এদিকে গোলাগুলির সময় হোয়াইট হাউসে দায়িত্ব পালনরত সাংবাদিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। কিছু সময়ের জন্য পুরো এলাকা লকডাউন করে রাখে সিক্রেট সার্ভিস।

ঘটনার পর এফবিআই ঘটনাস্থলে গিয়ে তদন্তে সহায়তা শুরু করে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানান, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং প্রয়োজনীয় তথ্য জনসাধারণকে জানানো হবে।

Leave A Reply


Math Captcha
91 − = 82