ডোনাল্ড ট্রাম্প মজা করে বলেছেন, ভবিষ্যতে তিনি চাইলে ইসরায়েল-এর প্রধানমন্ত্রী পদেও নির্বাচন করতে পারেন।
বুধবার যুক্তরাষ্ট্র কোস্টগার্ড একাডেমি-র সমাবর্তনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,
“ইসরায়েলে আমি অত্যন্ত জনপ্রিয়। হয়তো এটা শেষ করার পর আমি ইসরায়েলে যাব, প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব।”
তিনি আরও দাবি করেন, সেদিন সকালে দেখা একটি জরিপে তিনি ৯৯ শতাংশ সমর্থন পেয়েছেন। তবে কোন জরিপের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি। এ বিষয়ে হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি।
বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৯৬ সাল থেকে বিভিন্ন মেয়াদে তিনি দেশটির সরকারপ্রধানের দায়িত্বে আছেন।
সাম্প্রতিক ইরান-ইসরায়েল উত্তেজনার প্রসঙ্গে নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন,
“তিনি ভালো আছেন, খুব ভালো মানুষ। আমি যা চাইব, তিনি তাই করবেন।”
ট্রাম্প আরও বলেন, যুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে ইসরায়েলে যথাযথ মূল্যায়ন করা হয় না।

