ভারতের পাঞ্জাব-এ অপহরণের ছয় দিন পর একটি খাল থেকে পাঞ্জাবি গায়িকা ইন্দর কৌর-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৯ বছর বয়সী এই শিল্পীর মৃত্যুতে রাজ্যজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, গত ১৩ মে রাতে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ইন্দর কৌর। রাত সাড়ে ৮টার দিকে নিজের গাড়ি নিয়ে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে পরিবার অপহরণের আশঙ্কা করে থানায় অভিযোগ দায়ের করে।
নিহতের ভাই জোটিন্দর সিং-এর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
পরিবারের দাবি, সুখবিন্দর সিং ওরফে সুখা দীর্ঘদিন ধরে ইন্দর কৌরকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। প্রায় তিন বছর আগে Instagram-এর মাধ্যমে তাদের পরিচয় হয় এবং পরে সম্পর্ক গড়ে ওঠে।
তবে পরে ইন্দর জানতে পারেন অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই বিবাহিত এবং তার সন্তান রয়েছে। এরপর তিনি সম্পর্ক থেকে সরে আসেন। পরিবারের অভিযোগ, এর পর থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি কানাডা থেকে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেন এবং পরিকল্পিতভাবে অপহরণের পর ইন্দর কৌরকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেন।
মঙ্গলবার ভোরে নীলো খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর আবার কানাডা-য় পালিয়ে গেছেন বলে সন্দেহ করা হচ্ছে।
গায়িকা হওয়ার পাশাপাশি ইন্দর কৌর একজন মেকআপ আর্টিস্ট হিসেবেও পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যায়বিচারের দাবি উঠেছে।
পাঞ্জাব পুলিশ জানিয়েছে, অপহরণ, হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে মামলা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।

