যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে স্বেচ্ছায় জীবন উৎসর্গের অঙ্গীকার করা তরুণ-তরুণীদের নিয়ে গণবিয়ের আয়োজন করেছে ইরান সরকার। রাজধানী তেহরান-এর বিভিন্ন স্থানে গতকাল এসব বিয়ে অনুষ্ঠিত হয়।

ইরান সরকার সম্প্রতি একটি বিশেষ কর্মসূচি চালু করেছে, যেখানে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের জীবন উৎসর্গের প্রতিশ্রুতি দিচ্ছেন। এই কর্মসূচিতে ইতোমধ্যে হাজার হাজার মানুষ নাম নিবন্ধন করেছেন বলে দাবি করেছে সরকার।

ফ্রান্স ২৪ জানিয়েছে, অংশগ্রহণকারীরা প্রয়োজনে গুরুত্বপূর্ণ স্থাপনায় মানবঢাল হিসেবেও দাঁড়াতে রাজি হয়েছেন। যেমন— বিদ্যুৎকেন্দ্র বা সামরিক স্থাপনায় হামলার শঙ্কা দেখা দিলে তারা সেখানে অবস্থান নেবেন, যাতে হামলা চালানো কঠিন হয়ে পড়ে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে গণবিয়ের ভিডিও সম্প্রচার করা হয়। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে জনমনে মনোবল বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছে সরকার।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটিতে উত্তেজনা বেড়েছে। এর মধ্যেই এই প্রতীকী আয়োজন সামনে এলো।

ইরান সরকারের দাবি, কয়েক লাখ মানুষ ইতোমধ্যে এই কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের মধ্যে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ-এর নামও রয়েছে বলে জানিয়েছে সরকারি সূত্র।

Leave A Reply


Math Captcha
26 − = 18