ভারতের রাজস্থান রাজ্যে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ধরে যায়। তবে আগুন লাগার পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানিয়েছে, রোববার ভোর প্রায় সাড়ে ৫টার দিকে আগুন লাগে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, বি-১ নামের ওই বগিতে ৬৮ জন যাত্রী ছিলেন।

ভোর ৫টা ১৫ মিনিটে কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন লাগা বগিটি অন্য বগি থেকে বিচ্ছিন্ন করা হয় এবং দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বগি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আগুনের তাপে আশপাশের কয়েকটি গাছেও আগুন ধরে যায়।

যাত্রীদের দ্রুত নিরাপদে নামিয়ে অন্য বগিতে স্থানান্তর করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের কোটা পর্যন্ত এভাবেই নেওয়া হবে। এরপর নতুন একটি বগি যুক্ত করে বিকল্প ব্যবস্থা করা হবে।

১২৪৩১ নম্বরের এই রাজধানী এক্সপ্রেস ট্রেনটি গত শুক্রবার থিরুভানানথাপুরাম থেকে যাত্রা শুরু করেছিল। রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত নিজামুদ্দিন রেলস্টেশন পৌঁছানোর কথা ছিল ট্রেনটির। আগুন লাগার সময় ট্রেনটি প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল এবং দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

Leave A Reply


Math Captcha
99 − = 89