ইরানের ট্যাংকারে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড।
শনিবার (৯ মে) রাতে দেওয়া এক বার্তায় বিপ্লবী গার্ড জানায়, “আমাদের জাহাজ যদি আগ্রাসনের শিকার হয়, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবকাঠামোর ওপর শক্তিশালী হামলা চালানো হবে।”
বর্তমানে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করে রেখেছে। এই অবরোধ অমান্য করে যেসব জাহাজ ইরানে প্রবেশের চেষ্টা করছে, সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠেছে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে।
সর্বশেষ গত শুক্রবার একসঙ্গে দুটি বড় ট্যাংকারে হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছে ইরান। এরপরই কঠোর প্রতিক্রিয়া জানায় দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড।
বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের এক কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শত্রুদের লক্ষ্য করে প্রস্তুত রয়েছে। এখন শুধু হামলার নির্দেশের অপেক্ষা।”

