ভারতের তামিলনাড়ু-তে সরকার গঠনে থালাপতি বিজয়-কে নিঃশর্ত সমর্থন দিয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)। দলটি এবারের নির্বাচনে দুটি আসনে জয় পেয়েছে।
মুসলিম লীগের সমর্থনের মাধ্যমে থালাপতি বিজয়ের জোটের আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০-এ।
গতকাল অবশ্য মুসলিম লীগ থালাপতির ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল। তখন তারা বর্তমান ক্ষমতাসীন দলের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেয়। তবে আজ শনিবার (৯ মে) সেই অবস্থান পরিবর্তন করে আবারও বিজয়ের নেতৃত্বাধীন জোটকে সমর্থন দেয় দলটি।
নিজেদের সমর্থনের বিষয়ে রাজ্যপালের কাছেও আনুষ্ঠানিক চিঠি দিয়েছে মুসলিম লীগ।
চিঠিতে বলা হয়েছে, “আমাদের জাতীয় সভাপতি অধ্যাপক কে এম কাদের মহিদীনের নির্দেশ অনুসারে তামিলনাড়ুর বিধানসভায় সরকার গঠনের জন্য জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে-কে সমর্থন জানাচ্ছি।”
এর আগে ভিসিকে নামের আরেকটি দলও থালাপতি বিজয়কে সমর্থন দেয়। তখনই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ম্যাজিক সংখ্যা স্পর্শ করে তার জোট। মুসলিম লীগের সমর্থনের পর সেই সংখ্যা আরও বেড়ে ১২০-এ পৌঁছেছে। ফলে সরকার গঠন এখন অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।
তামিলনাড়ু বিধানসভায় মোট আসন ২৩৪টি। এবারের নির্বাচনে তামিলাগা ভেত্ত্রি কাঝাগম (টিভিকে) একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮টি আসন পেয়েছে। তবে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তাদের আরও ১০টি আসনের প্রয়োজন ছিল। পরে বিভিন্ন ছোট দলের সমর্থনে সেই ঘাটতি পূরণ করেন থালাপতি বিজয়।
বর্তমানে তার সঙ্গে সরকার গঠনে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম), ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ।
সূত্র: এনডিটিভি

