তামিলনাড়ুতে সরকার গঠন ও মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়–এর দায়িত্ব গ্রহণ নিয়ে কয়েকদিনের রাজনৈতিক নাটকীয়তার অবসান হতে যাচ্ছে। অবশেষে ভিসিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ের দল টিভিকে–কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই মুখ্যমন্ত্রী হওয়ার পথে বিজয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার জানিয়েছে, ভিসিকে নিঃশর্তভাবে টিভিকেকে সমর্থন দেবে। এতে করে গত কয়েকদিন ধরে চলা রাজনৈতিক অনিশ্চয়তার অবসান হচ্ছে।

এবারের নির্বাচনে ভিসিকে দুটি আসনে জয় পেয়েছে। দলটির জয়ী দুই বিধায়ক টিভিকের জোটে যোগ দিলে জোটের মোট আসন সংখ্যা দাঁড়াবে ১১৮টি, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক নম্বর।

এর আগে শুক্রবার ভিসিকে সমর্থনের ঘোষণা দিলেও রাজ্যপালের কাছে আনুষ্ঠানিক সমর্থনপত্র দেয়নি। পরে জানা যায়, তারা উপমুখ্যমন্ত্রীর পদ দাবি করেছিল। পরে মুখ্যমন্ত্রীর পদ নিয়েও আলোচনা হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে শেষ পর্যন্ত তারা নিঃশর্ত সমর্থনে সম্মত হয়েছে।

তামিলনাড়ু বিধানসভায় মোট আসন ২৩৪টি। এবারের নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮টি আসন পেয়েছে টিভিকে। ফলে সরকার গঠনের জন্য আরও ১০টি আসনের প্রয়োজন ছিল।

ইতোমধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম) এবং সর্বশেষ ভিসিকে টিভিকের পাশে দাঁড়িয়েছে।

Leave A Reply


Math Captcha
61 − 51 =