পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন বারাকপুরের সাবেক বিধায়ক ও জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী। বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

তার এই ঘোষণার পর টলিউড অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিশেষ করে পরিচালক ও নাট্যব্যক্তিত্ব সৌরভ পালোধি নাম উল্লেখ না করেই রাজকে উদ্দেশ্য করে কড়া সমালোচনা করেন।

দীর্ঘ ১৫ বছর পর এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস-এর পরাজয় এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জয়ের পর রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন আসে। বারাকপুর আসনে পরাজয়ের পরই সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রাজ চক্রবর্তী।

এ প্রসঙ্গে সামাজিক মাধ্যমে সৌরভ পালোধি লেখেন, “হেরে গেলে কি রাজনৈতিক জীবন শেষ হয়ে যায়? এদেরকে কি মৌলিক রাজনৈতিক শিক্ষার কোনো বই উপহার দেওয়া যায় না?”

নেটিজেনদের অনেকেই মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে রাজ চক্রবর্তীর ‘পরাজয় মেনে নিতে না পারা’র বিষয়টিকেই ইঙ্গিত করেছেন সৌরভ।

বামপন্থী আদর্শের অনুসারী হিসেবে পরিচিত সৌরভ আরও বলেন, জয় বা পরাজয় যাই হোক না কেন, তিনি তার রাজনৈতিক অবস্থানে অবিচল থাকবেন। তার মতে, রাজনীতি শুধু ক্ষমতায় থাকার বিষয় নয়, বরং রাজপথে থেকে লড়াই চালিয়ে যাওয়ার নাম।

উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন রাজ চক্রবর্তী। তবে ২০২৬ সালের নির্বাচনে হারের ২৪ ঘণ্টার মধ্যেই রাজনীতি ছাড়ার ঘোষণা দেন তিনি।

এদিকে সৌরভ পালোধির সমালোচনার বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি রাজ চক্রবর্তী।

Leave A Reply


Math Captcha
96 − 94 =