ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয়ের পথে রয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টিতে ভোটগণনা চলমান রয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এখন পর্যন্ত বিজেপি ২০৫টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ৮২টি আসনে, যা তাদের আগের অর্জনের তুলনায় ১৩২টি কম।

এই ফলাফলের প্রেক্ষাপটে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে”, যা বিজেপির প্রতীক হিসেবেই পরিচিত।

ফেসবুকে দেওয়া এক পোস্টে মোদি লেখেন, “পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে! ২০২৬ সালের এই নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়যুক্ত হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে মাথা নত করছি।”

তিনি আরও বলেন, জনগণ বিজেপিকে এক অভাবনীয় ম্যান্ডেট দিয়েছে এবং সেই অনুযায়ী দলটি পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস টানা চতুর্থবার জয়ের আশা প্রকাশ করেছিল। তবে ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, দীর্ঘ প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে তাদের।

বিশ্লেষকদের মতে, এই ফলাফল পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Leave A Reply


Math Captcha
39 + = 42