ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমক দেখিয়েছে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়-এর দল টিভিকে (টিভিকে)। সর্বশেষ গণনায় দলটি উল্লেখযোগ্য সংখ্যক আসনে এগিয়ে রয়েছে।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বিশ্লেষণী পোর্টাল পিভেলুর তথ্য অনুযায়ী, টিভিকে ১৪৫টি আসনে এগিয়ে আছে। যদিও এনডিটিভি-এর হিসাবে দলটি ১০৫টি আসনে এগিয়ে রয়েছে।

গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসনে জয়।

এ বছরই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছে টিভিকে, আর প্রথমবারেই বড় ধরনের চমক দেখিয়েছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে তামিল রাজনীতিতে নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন।

থালাপতি বিজয়ের আসল নাম চন্দ্রশেখর জোসেফ বিজয়। যদিও দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করা হয়নি, তবে জয়ী হলে তিনিই মুখ্যমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়ে বিজয় বলেছিলেন, এটি তার কাছে কেবল শখ নয়, বরং জনগণের সেবার একটি ‘মিশন’। তরুণ, নারী ও মৎস্যজীবীদের জন্য বিশেষ সুবিধার প্রতিশ্রুতি তার এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave A Reply


Math Captcha
− 2 = 2