আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২ মে) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “যদি তারা অসদাচরণ করে, যদি তারা খারাপ কিছু করে—তাহলে (হামলা) হতে পারে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তবে সম্ভাবনা রয়েছে।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানের পাঠানো ১৪ দফার নতুন প্রস্তাব তিনি পর্যালোচনা করছেন। তবে এ প্রস্তাব থেকে ইতিবাচক ফল আসবে কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

পোস্টে ট্রাম্প লিখেছেন, “গত ৪৭ বছর ধরে ইরান মানবতা ও বিশ্বের ওপর যে আঘাত হেনেছে, তার তুলনায় তারা এখনো যথেষ্ট মূল্য দেয়নি। এই পরিস্থিতিতে তাদের প্রতি নমনীয় হওয়া গ্রহণযোগ্য নয়।”

এর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠায় ইরান। শুক্রবার ট্রাম্প ওই প্রস্তাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এরপর টানা ৪০ দিন সংঘাত চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। পরবর্তীতে ওই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়।

Leave A Reply


Math Captcha
80 + = 87