লিবিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৯ জন। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্টের লিবিয়া শাখা ও দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে জানায়, লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর তবরুকের উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে নৌকাটি ভেঙে পড়ে এবং টানা আট দিন সাগরে ভাসতে থাকে। পরে দেশটির নৌবাহিনী, কোস্টগার্ড ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থল ও আশপাশ থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করে।

অনুসন্ধান কার্যক্রম ইতোমধ্যে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। নিখোঁজ ৯ জনের মরদেহ সাগরের ঢেউয়ে তীরে ভেসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, উদ্ধার হওয়া মৃতদের সবাই আফ্রিকার সাব-সাহারান অঞ্চলের অভিবাসনপ্রত্যাশী। তবে তাদের নির্দিষ্ট জাতীয়তা এখনও শনাক্ত করা যায়নি।

উল্লেখ্য, আফ্রিকার দারিদ্র্যপীড়িত সাব-সাহারান অঞ্চলের বহু মানুষ ইউরোপে পৌঁছানোর জন্য লিবিয়াকে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে থাকে।

Leave A Reply


Math Captcha
1 + 8 =