পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ আজ বুধবার শুরু হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ৮টি জেলার ১৪২টি আসনে সকাল ৭টা থেকে একযোগে ভোটগ্রহণ চলছে, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই দফায় মোট ভোটার সংখ্যা ৩ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৮৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৬৪ লাখের বেশি এবং নারী ভোটার ১ কোটি ৫৭ লাখের বেশি। সম্প্রতি ট্রাইব্যুনালের রায়ে নতুন করে ১ হাজার ৪৬৮ জন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন, বাদ পড়েছেন ছয়জন।

ভোটগ্রহণ উপলক্ষে ৮ জেলায় মোট ৪১ হাজার ১টি বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৮৩৩টি বুথকে ‘অতি স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে দুই হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সম্ভাব্য অশান্তি এড়াতে।

নিরাপত্তার অংশ হিসেবে Central Reserve Police Force (সিআরপিএফ)-এর ২ হাজার ৩০০ কোম্পানির বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রায় ৩৯ হাজার রাজ্য পুলিশও দায়িত্ব পালন করছে। বিভিন্ন জেলায় বিপুলসংখ্যক বাহিনী মোতায়েন থাকলেও উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ দফায় মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ১ হাজার ২২৮ জন পুরুষ এবং ২২০ জন নারী। বেশ কয়েকটি হাই-প্রোফাইল আসন ঘিরে বিশেষ নজরদারি রয়েছে। এর মধ্যে ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী নেতা শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২৯৪ আসনের এই বিধানসভা নির্বাচনের প্রথম দফায় গত ২৩ এপ্রিল ১৫২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের জন্য শেষ দফার ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

আগামী ৪ মে ফলাফল ঘোষণা করা হবে। এতে জানা যাবে, রাজ্যে আবারও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে নাকি অন্য কোনো দল সরকার গঠন করবে।

Leave A Reply


Math Captcha
86 + = 91