যুদ্ধ বন্ধ ও পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী সমঝোতায় পৌঁছাতে ইরান যে নতুন প্রস্তাব দিয়েছে, তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতে পারেনি।

ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার ভাষ্য, নতুন প্রস্তাবে ইরানের পরমাণু কর্মসূচিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলে মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে তিনি এ প্রস্তাবে সন্তুষ্ট নন।

জানা গেছে, প্রস্তাবটি নিয়ে ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক ব্যর্থ হওয়ার পর উত্তেজনা নিরসনে তিন ধাপের নতুন প্রস্তাব দেয় ইরান, যা মধ্যস্থতাকারী পাকিস্তানর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়।

ইরানের প্রস্তাব অনুযায়ী—
প্রথম ধাপে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ এবং ভবিষ্যতে ইরান ও লেবাননে হামলা না করার নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে।

দ্বিতীয় ধাপে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে।

তৃতীয় ধাপে গিয়ে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু করার কথা বলা হয়েছে।

তবে এই কাঠামোতেই আপত্তি জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের মতে, পরমাণু ইস্যুটি শুরু থেকেই আলোচনার কেন্দ্রে থাকা উচিত।

উল্লেখ্য, ১১ এপ্রিল ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টার বৈঠকেও দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। এরপর দ্বিতীয় দফা সংলাপের উদ্যোগ নেওয়া হলেও এখনো তা অনিশ্চিত রয়ে গেছে।

Leave A Reply


Math Captcha
9 + 1 =