মালদ্বীপের থা. অ্যাটলের গুরাইধু দ্বীপে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান (২০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল গ্রামের এনামুল হকের ছেলে।

বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, রাশেদুল হাসান গুরাইধু দ্বীপের একটি কফিশপে কর্মরত ছিলেন। কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে পানিতে পড়ে যান। পরে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে গুরাইধু হেলথ সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে।

আগামী মঙ্গলবার ২৮ এপ্রিল প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রাশেদুল হাসানের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।

এ ঘটনায় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave A Reply


Math Captcha
29 − = 23