ওয়াশিংটনের একটি হোটেলের বলরুমে আয়োজিত নৈশভোজে প্রেসিডেন্ট Donald Trump-এর উপস্থিতিতে হামলা চালানো ৩১ বছর বয়সী কোল থমাস অ্যালেনকে ‘বেশ অসুস্থ ব্যক্তি’ বলে উল্লেখ করেছেন তিনি।

হামলার পর মার্কিন সংবাদমাধ্যম CBS-এর অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি ছিলেন একজন খ্রিস্টান, বিশ্বাসী। পরে খ্রিস্টানবিরোধী হয়ে ওঠেন এবং তার মধ্যে অনেক পরিবর্তন আসে। তিনি সম্ভবত খুব অসুস্থ একজন মানুষ।”

শনিবার ২৫ এপ্রিল রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রিসভার সদস্য এবং প্রায় দুই হাজার ছয়শ অতিথি উপস্থিত ছিলেন।

ট্রাম্প ও মেলানিয়া মঞ্চে থাকা অবস্থায় হঠাৎ গুলির ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন। দ্রুত নিরাপত্তাকর্মীরা প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে সরিয়ে নেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম BBC-এর বরাতে জানা গেছে, ঘটনাস্থলে সাত থেকে আটটি গুলির শব্দ শোনা যায়। তবে এ ঘটনায় ট্রাম্প, মেলানিয়া, ভাইস প্রেসিডেন্টসহ উপস্থিত কেউ আহত হননি।

সন্দেহভাজন হামলাকারী কোল থমাস অ্যালেনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম CNN জানিয়েছে, অ্যালেন ক্যালিফোর্নিয়ার একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন এবং ২০২৪ সালে সেরা শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টোড ব্লাঞ্চ জানান, অ্যালেন ট্রেনে করে লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো হয়ে ওয়াশিংটনে আসেন এবং হামলার আগের দিন হোটেলে ওঠেন।

হোটেলের কক্ষ থেকে উদ্ধার করা একটি লিখিত বক্তব্যে তিনি নিজেকে ‘বন্ধুত্বপূর্ণ ফেডারেল ঘাতক’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনার কথা লিখেছিলেন।

অ্যালেনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখাসহ ফেডারেল কর্মকর্তাদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। আগামী সোমবার তাকে আদালতে তোলা হবে।

Leave A Reply


Math Captcha
60 − 55 =