আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন বৃষ্টিকে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন তার বড় ভাই জুবায়ের আহমেদ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে তিনি বলেন, পরিবারের সঙ্গে কথা বলার সময় লিমন প্রায়ই নাহিদা সুলতানা বৃষ্টির প্রশংসা করতেন। তিনি বৃষ্টিকে প্রেম নিবেদন করেছিলেন এবং তারা বিয়ের বিষয়েও ভাবছিলেন।
জুবায়ের বলেন, “লিমন বলত, সে খুবই ভালো মেয়ে। তার অনেক প্রতিভা আছে—গানের গলা ভালো, রান্নাতেও পারদর্শী।”
তিনি আরও জানান, গত দুই বছর ধরে লিমন তার থিসিস নিয়ে কঠোর পরিশ্রম করছিলেন। দক্ষিণ ফ্লোরিডার ক্রমশ সংকুচিত হয়ে আসা জলাভূমি পর্যবেক্ষণে জেনারেটিভ এআই ব্যবহারের উপায় নিয়ে গবেষণা করছিলেন তিনি।
ভাইকে স্মরণ করে জুবায়ের বলেন, “আমার ভাই খুবই ভদ্র ও সাধারণ একজন মানুষ ছিল। সব সময় হাসিখুশি থাকত। পিএইচডি শেষ করে বাংলাদেশে ফিরে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার ইচ্ছা ছিল তার।”
প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, লিমন ও বৃষ্টি দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডির শিক্ষার্থী ছিলেন। লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন। সর্বশেষ গত ১৬ এপ্রিল তাদের দেখা যায়।
শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মার্কিন পুলিশ।
এদিকে হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, বৃষ্টিকে খুঁজতে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকায় তল্লাশি চলছে। সেতুর আশপাশের পানিতে ডুবুরি দল অনুসন্ধান চালাচ্ছে।

