ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও আকাশসীমা খুলে দিয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েত।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুনার বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে কুয়েতের আকাশসীমা পুনরায় চালু করা হয়েছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক হামৌদ মুবারক বলেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি আকাশসীমা বন্ধ করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন তা পুনরায় খুলে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ধাপে ধাপে দেশটির বিমানবন্দর স্বাভাবিক কার্যক্রমে ফিরবে এবং এই সিদ্ধান্ত সেই প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ।

ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে ইরানে সামরিক অভিযান শুরু করে। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

যুদ্ধের প্রভাব সরাসরি পড়ে উপসাগরীয় অঞ্চলে। একাধিকবার কুয়েতের বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটে, ফলে নিরাপত্তার স্বার্থে আকাশসীমা বন্ধ রাখা হয়।

পরবর্তীতে ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিরূপণ ও নথিবদ্ধ করা হয়েছে। আকাশসীমা বন্ধ থাকাকালে কুয়েতের বিমানগুলোকে নিজেদের বিমানবন্দরে রাখার অনুমতি দেওয়ায় সৌদি আরব-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দেশটি।

Leave A Reply


Math Captcha
77 − = 73