আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি থেকে দুইটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে ইরানের নৌবাহিনী। বুধবার (২২ এপ্রিল) এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
জব্দ হওয়া জাহাজ দুটির একটি আফ্রিকার দেশ লাইবেরিয়ার পতাকাবাহী ‘এপামিনোন্দাস’ এবং অন্যটি পানামার পতাকাবাহী ‘এমএসসি ফ্রান্সেস্কা’।
এপামিনোন্দাস জব্দের তথ্য নিশ্চিত করেছে গ্রিসভিত্তিক সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা টেকনোমার শিপিং। জাহাজটির কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ওমান উপকূলের কাছাকাছি অবস্থায় থাকাকালে ইরানি নৌবাহিনীর গুলির মুখে পড়ে। তবে এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতও ঘটেনি।
পানামার এমএসসি ফ্রান্সেস্কা বিশ্বের বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানি এমএসসির একটি জাহাজ। তবে জাহাজটি জব্দের বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি প্রতিষ্ঠানটি।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজ দুটি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রম করছিল, এ কারণেই সেগুলো আটক করা হয়েছে।
১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিশ্ব জ্বালানি সরবরাহের বড় একটি অংশ পরিবাহিত হয়।
এর আগে ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করলে হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা তৈরি হয়। পরে ইরান জানায়, যুদ্ধকালীন সময়ে এই প্রণালি দিয়ে চলাচল করতে হলে জাহাজগুলোকে আইআরজিসির অনুমতি নিতে হবে।

