Saturday, April 18

আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে ‘প্রচলিত ফি’ আরোপ করা হবে না বলে জানিয়েছে ইরান। তবে নিরাপত্তা সংক্রান্ত খরচের জন্য নতুন ধরনের ফি নির্ধারণ করা হতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি বলেন, তেহরান প্রচলিত পদ্ধতিতে কোনো ফি আরোপ করবে না। তবে পার্লামেন্ট বর্তমানে একটি খসড়া আইন প্রস্তুত করছে। ওই আইনে ‘প্রণালির নিরাপত্তা নিশ্চিতকরণ’ সংক্রান্ত ফি নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে।

তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করতে হলে ইরান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক হবে। কোনো অবস্থাতেই শত্রুপক্ষের সামরিক জাহাজ—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মালিকানাধীন জাহাজ—এই প্রণালি দিয়ে যেতে পারবে না। তবে বন্ধুত্বপূর্ণ দেশের জাহাজগুলো পূর্বসমন্বয়ের ভিত্তিতে চলাচল করতে পারবে।

ইব্রাহিম রেজায়ি আরও বলেন, প্রণালি পরিচালনা বা নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ইরান মেনে নেবে না।

এর আগে ইরানের সংবাদমাধ্যম আইএসএনএ জানিয়েছে, দেশটির কর্মকর্তা মাহমুদ নাবাভিয়ান বলেছেন, কিছু বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দেওয়া হবে এবং এ জন্য তাদের ফি পরিশোধ করতে হবে।

Leave A Reply


Math Captcha
69 − 65 =