ইন্দোনেশিয়ায় একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ আটজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় হেলিকপ্টারটির সব আরোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার পশ্চিম কালিমান্তান প্রদেশের মেলাউই জেলায় এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তরের মেলাউই শাখা বিষয়টি নিশ্চিত করেছে।
বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এয়ারবাস এইচ১৩০ মডেলের এবং এটি স্থানীয় একটি বিমান পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মালিকানাধীন ছিল। দুর্যোগ মোকাবিলা দপ্তরের মেলাউই শাখার উদ্ধারকারী দলের প্রধান নির্বাহী মোহাম্মদ সায়াফি জানান, বৃহস্পতিবার মেলাউইয়ের একটি পাম-বাগান থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পরই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি বলেন, দুর্ঘটনাস্থলটি খাড়া পাহাড়ি ও ঘন জঙ্গলে আবৃত অঞ্চল, যা পার্শ্ববর্তী সেকাদাও জেলার অন্তর্গত। দুর্গম পথ ও ঘন বনাঞ্চলের কারণে উদ্ধারকারী দল সেখানে পৌঁছাতে সময় নেয়।
উদ্ধারকারী দল জানায়, হেলিকপ্টারটিতে দুইজন ক্রু ও ছয়জন যাত্রী ছিলেন। তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক ছিলেন।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হেলিকপ্টারটির লেজের অংশ মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েক কিলোমিটার দূরে পাওয়া গেছে। বিষয়টি তদন্তে স্থানীয় প্রশাসন একটি কমিটি গঠন করেছে।

