গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে ‘লিটোরাল কমব্যাট শিপ’ নামের নতুন ধরনের যুদ্ধজাহাজ ব্যবহার করছে মার্কিন নৌবাহিনী। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
ঐতিহ্যগতভাবে মার্কিন নৌবাহিনী জলমাইন অপসারণে মানবচালিত মাইন-সুইপিং জাহাজ ব্যবহার করে থাকে। পানির নিচে পেতে রাখা মাইন শনাক্তের জন্য এসব জাহাজে সোনার সিস্টেম থাকে এবং শনাক্তের পর মাইন ধ্বংস করা হয়। তবে এ পদ্ধতিতে জাহাজের চালক ও ক্রুদের সরাসরি মাইনফিল্ডে প্রবেশ করতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
অন্যদিকে লিটোরাল কমব্যাট শিপে এই ঝুঁকি নেই। হালকা ধরনের এই যুদ্ধজাহাজটি রিমোট-কন্ট্রোলড রোবটের মাধ্যমে পরিচালিত হয়। মাইন শনাক্ত থেকে ধ্বংস করা পর্যন্ত পুরো প্রক্রিয়াই রোবটের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে সেনাদের সরাসরি মাইনফিল্ডে প্রবেশ করতে হয় না; তারা দূর থেকেই রোবট নিয়ন্ত্রণ করেন।
মার্কিন নৌবাহিনীর বহরে বর্তমানে এমন তিনটি লিটোরাল কমব্যাট শিপ রয়েছে, তবে কার্যকর অবস্থায় আছে একটি। বাকি দুটি জাহাজ মেরামতের জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। মেরামত শেষ হলে সেগুলোও বহরে যুক্ত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মধ্য দিয়ে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হয়। যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে জলমাইন পাতে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ধারণা করা হচ্ছে, প্রণালির বিভিন্ন স্থানে অন্তত এক ডজন মাইন পাতা হয়েছিল।
তবে কোথায় কোথায় মাইন পাতা হয়েছে, তার সঠিক রেকর্ড না থাকায় ৮ এপ্রিল যুদ্ধবিরতির পর মাইন অপসারণ বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথ আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ পণ্য এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
ইরানের অবরোধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায় এবং অনেক দেশে জ্বালানি সংকট দেখা দেয়।
গত ১১ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সংলাপ ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি ও ইরানের সামরিক বন্দরগুলোতে অবরোধ জারির ঘোষণা দেন। পরে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ থেকে মাইন অপসারণের কাজ শুরু হয়েছে।

