Saturday, April 18

ডেস্ক রিপোর্ট:
সৌদি আরবে কূটনৈতিক সফরের প্রথম ধাপ শেষ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সফরের মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতি এবং সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ সম্পর্কে মিত্র দেশগুলোকে অবহিত করা।

সফরের পরবর্তী ধাপে তিনি কাতার ও তুরস্ক সফরে যাবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই ধারাবাহিক সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা তৈরি হতে পারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, পুরো পরিস্থিতির অগ্রগতি অনেকটাই নির্ভর করছে পাকিস্তানের সেনাপ্রধানের ওপর। তিনি বর্তমানে তেহরানে অবস্থান করছেন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করছেন। তবে বিভিন্ন পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বার্তা আসায় পরিস্থিতি এখনো জটিল রয়ে গেছে।

পাকিস্তান সরকার জানিয়েছে, তারা কূটনৈতিক গোপনীয়তা বজায় রেখে আলোচনার প্রচেষ্টা চালিয়ে যেতে চায়।

তেহরান থেকে পাওয়া তথ্যে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আস্থার ঘাটতি এখনো কাটেনি। বিশ্লেষকদের মতে, দুই পক্ষকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সময় ও বিস্তৃত কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন হবে। তবে পাকিস্তান আশাবাদী। তাদের বিশ্বাস, জেনেভায় আগের আলোচনায় যে অগ্রগতি হয়েছিল, তার ভিত্তিতে অন্তত কিছুটা দূরত্ব কমানো সম্ভব।

বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের দ্বন্দ্ব ও আস্থার সংকট পুরো অঞ্চলের স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলছে।

Leave A Reply


Math Captcha
3 + 3 =