হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান জানানো যেমন জরুরি, তেমনি এই গুরুত্বপূর্ণ জলপথে নৌযান চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন।
ওয়াং ই আরও বলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বসম্মত আগ্রহ রয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতি বজায় রাখা এবং আলোচনায় ফেরার পক্ষে চীন সমর্থন দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার থেকে হরমুজ প্রণালিতে কার্যকর হওয়া মার্কিন নৌ অবরোধের পর কোনো জাহাজই তা ভেঙে পার হতে পারেনি। মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, ইরানের উপকূলে যাতায়াতকারী জাহাজগুলোকে আটকানো বা ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে অন্য দেশগামী জাহাজগুলোকে প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অবরোধ শুরুর পর এখন পর্যন্ত ১০টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং কোনো জাহাজই অবরোধ অতিক্রম করতে পারেনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য হলো, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে ইরান যে অর্থ আদায় করতে চাইছিল তা বন্ধ করা এবং দেশটির ওপর চাপ সৃষ্টি করা। পাশাপাশি ইরানের তেল রপ্তানি কমিয়ে দেওয়ার উদ্দেশ্যও রয়েছে বলে জানানো হয়েছে।
ইরান এই অবরোধকে ‘দস্যুতা’ হিসেবে আখ্যা দিয়েছে এবং এর প্রতিশোধ হিসেবে পারস্য উপসাগর, ওমান উপসাগর ও লোহিত সাগরে নৌ চলাচল লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বুধবার জানায়, ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ বন্দর আব্বাস ছাড়ার পর মার্কিন অবরোধ এড়ানোর চেষ্টা করলে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স জাহাজটিকে সফলভাবে অন্যদিকে ঘুরিয়ে দেয়।

