ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আলোচনা শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি দাবি করেছেন, ইরান বড়ভাবে হারছে এবং দেশটির সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে।
পোস্টে ট্রাম্প বলেন, ইরানের পুরোনো নেতারা আর জীবিত নেই। তিনি লিখেছেন, “মিডিয়ায় দেখানো হচ্ছে ইরান জিতছে। কিন্তু তারা হারছে, অনেক বড়ভাবে হারছে। তাদের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, বিমানবাহিনী নেই। তাদের বিমান বিধ্বংসী ব্যবস্থারও আর কোনো অস্তিত্ব নেই। রাডার মৃত। ইরানের মিসাইল ও ড্রোন কারখানা, সঙ্গে মিসাইল ও ড্রোন নিশ্চিহ্ন হয়ে গেছে।”
ট্রাম্প আরও দাবি করেন, ইরান হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইন স্থাপন করেছে। বিশ্বের স্বার্থে যুক্তরাষ্ট্র সেসব মাইন অপসারণ শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি লেখেন, “বিশ্বের সব দেশের স্বার্থে যুক্তরাষ্ট্র এখন সাগর থেকে মাইন অপসারণ শুরু করেছে।” তবে তার এই দাবির স্বাধীনভাবে কোনো যাচাই পাওয়া যায়নি। একই সঙ্গে হরমুজ প্রণালি এখনও ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
সূত্র: বিবিসি

