চাঁদের চারপাশে ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। শনিবার সকাল ৬টা ৭ মিনিটে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শুক্রবার রাত ৮টা ৭ মিনিট) তাঁদের বহনকারী ‘ওরিয়ন’ মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে।

সমুদ্রে অবতরণের পর আর্টেমিস-২-এর কমান্ডার রিড ওয়াইজম্যান বলেন, “কী অসাধারণ এক যাত্রা ছিল। আমরা স্থিতিশীল আছি। চার নভোচারীই সম্পূর্ণ সুস্থ আছেন।”

নভোচারীদের ওরিয়ন ক্যাপসুল থেকে প্রথমে একটি নৌযানে নেওয়া হয়, যেটিকে ‘ফ্রন্ট পোর্চ’ বলা হয়। পরে হেলিকপ্টারে করে তাঁদের মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ ‘ইউএসএস জন পি মুরথা’র মেডিক্যাল বেতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁদের নাড়ির গতি, রক্তচাপ এবং স্নায়বিক কার্যকারিতা পরীক্ষা করবেন। এরপর তাঁদের হিউস্টনের জনসন স্পেস সেন্টারে নেওয়া হবে।

চার নভোচারী উদ্ধার হওয়ার পর হিউস্টনে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষে উপস্থিত সবাই হাততালি দিয়ে তাঁদের স্বাগত জানান। এর মধ্য দিয়ে সফলভাবে শেষ হলো এই রোমাঞ্চকর চন্দ্রাভিযান। ১০ দিনের পরিকল্পনা থাকলেও নাসা জানিয়েছে, ৯ দিন ১ ঘণ্টা ৩২ মিনিট ১৫ সেকেন্ডে মিশনটি সম্পন্ন হয়েছে।

১ এপ্রিল শুরু হওয়া এই অভিযানে অংশ নেন যুক্তরাষ্ট্রের রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার এবং কানাডার জেরেমি হ্যানসেন। মিশনটি একাধিক নতুন ইতিহাস গড়েছে। চাঁদের দূরবর্তী অংশে অবস্থানের সময় পৃথিবী থেকে তাঁদের দূরত্ব ছিল ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল, যা ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ মিশনের রেকর্ড ভেঙে দিয়েছে।

এ ছাড়া ভিক্টর গ্লোভার প্রথম অশ্বেতাঙ্গ, ক্রিস্টিনা কোচ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অ-মার্কিন হিসেবে চাঁদের কক্ষপথ ভ্রমণের ইতিহাস গড়েছেন। নভোচারীরা অভিযানের সময় চন্দ্রপৃষ্ঠে অন্তত ছয়টি উজ্জ্বল উল্কাপাতও প্রত্যক্ষ করেন।

আর্টেমিস-২ ছিল ২০২৮ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের পদচিহ্ন ফেলার নাসা পরিকল্পনার একটি পরীক্ষামূলক ধাপ। এই প্রত্যাবর্তন নাসা প্লাস, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স ও অ্যাপল টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভোচারীদের অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তিনি লিখেছেন, “আর্টেমিস-২–এর অসাধারণ ও অত্যন্ত মেধাবী ক্রুদের অভিনন্দন। পুরো অভিযাত্রাই ছিল অসাধারণ, আর অবতরণ ছিল একেবারে নিখুঁত। খুব শিগগিরই হোয়াইট হাউসে আপনাদের সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। আমরা আবারও এমন অভিযান চালাব—পরের লক্ষ্য মঙ্গল গ্রহ।”

Leave A Reply


Math Captcha
2 + 8 =