ইরানি ‘সভ্যতা ধ্বংস’ করে দেওয়ার হুমকির পর টানটান উত্তেজনার মধ্যে অবশেষে হামলা থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দুই সপ্তাহের জন্য ইরানে হামলার হুমকি স্থগিত করেছেন।

নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ ও সামরিক হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন। তিনি এটিকে ‘দ্বিমুখী যুদ্ধবিরতি’ হিসেবে উল্লেখ করেন।

তবে এই সিদ্ধান্তের সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল উন্মুক্ত করে দেয়, তবেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে ১০ দফার একটি প্রস্তাব পেয়েছে, যা আলোচনার জন্য কার্যকর ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাঁর মতে, চুক্তির পথে বড় বাধাগুলো প্রায় কেটে গেছে এবং অতীতের বিরোধপূর্ণ বিষয়গুলোর বেশিরভাগ ক্ষেত্রেই দুই দেশ একমতে পৌঁছেছে।

তিনি বলেন, এই দুই সপ্তাহ সময় চুক্তিকে চূড়ান্ত রূপ দিতে সহায়তা করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধি হিসেবে তিনি এই অগ্রগতিকে স্বাগত জানান এবং দীর্ঘদিনের সমস্যার সমাধানের কাছাকাছি পৌঁছানোকে সম্মানের বলে উল্লেখ করেন।

Leave A Reply


Math Captcha
+ 22 = 31