Saturday, November 7

ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন এবং বর্তমানে তার জ্ঞান নেই বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস। মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবাকে ইরানের কোম শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অচেতন থাকায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না বলেও উল্লেখ করা হয়েছে।

দ্য টাইমস আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি গোয়েন্দা প্রতিবেদন উপসাগরীয় আরব দেশগুলোর কাছে পাঠানো হয়েছে। সেই নথির বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের তথ্য অনুযায়ী মোজতবা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় কোমায় রয়েছেন।

প্রতিবেদনে দাবি করা হয়, মোজতবার বর্তমান অবস্থান সম্পর্কে প্রথমবারের মতো প্রকাশ্যে তথ্য উঠে এসেছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তার বাবা ও সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলেও উল্লেখ করা হয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলি খামেনিকে কোম শহরে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি নিহত হওয়ার এক মাসের বেশি সময় পার হলেও এখনো তাকে কবর দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে।

এদিকে ইরানের কাছে যুক্তরাষ্ট্র অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান জানিয়েছে, স্থায়ীভাবে সংঘাত বন্ধ, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের অনুমতি, দেশ পুনর্গঠনে সহায়তা এবং লেবাননের হিজবুল্লাহর ওপর হামলা বন্ধের মতো দাবি পূরণ না হলে কোনো সমঝোতা সম্ভব নয়।

সূত্র: দ্য টাইমস

Leave A Reply


Math Captcha
5 + 3 =