যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইরানি কর্মকর্তারা পাকিস্তানে গিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তগুলোও অগ্রহণযোগ্য বলে জানিয়েছে তেহরান।
শুক্রবার (৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, যুদ্ধ বন্ধে আঞ্চলিক মধ্যস্থতার উদ্যোগ কার্যত থমকে গেছে। পাকিস্তানের উদ্যোগে সম্ভাব্য আলোচনার কোনো ফলাফল পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, ইরান আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদে তারা কোনো প্রতিনিধিদল পাঠাবে না। ফলে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টা কার্যত ভেস্তে গেছে।
এদিকে নতুন করে কাতার ও তুরস্ক মধ্যস্থতার ভূমিকা নিতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস দাবি করেছে, যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি খোলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বুধবার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির অনুরোধ করেছেন। তবে হরমুজ প্রণালি না খোলা পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধবিরতিতে যাবে না বলেও জানান তিনি।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করে একে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।
অন্যদিকে শুক্রবার ইরানের একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তেহরান এখনো এতে কোনো সাড়া দেয়নি।

