Saturday, November 7

একই দিনে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এর মধ্যে ইরানের মধ্যাঞ্চলে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ওই বিমানে থাকা দুইজন ক্রুয়ের একজনকে উদ্ধার করা গেলেও অপরজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে মার্কিন সেনারা ব্যাপক অভিযান চালাচ্ছে।

খবরে বলা হয়েছে, শুক্রবার ইরানের মধ্যাঞ্চলে এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার প্রায় একই সময়ে হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে এ-১০ ওয়ার্থগ মডেলের আরেকটি মার্কিন যুদ্ধবিমান আছড়ে পড়ে। এ-১০ বিমানের একমাত্র পাইলটকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানটি সাধারণত ছোট ছোট লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে ব্যবহৃত হয়। ধারণা করা হচ্ছে, হরমুজ প্রণালিতে কোনো অভিযান চালাতে গিয়েছিল বিমানটি।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভেট সংবাদমাধ্যম সিএনএনকে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে অবহিত করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এফ-১৫ যুদ্ধবিমানের একজন ক্রুকে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। অপর ক্রু এখনো নিখোঁজ রয়েছেন এবং তার অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এফ-১৫ যুদ্ধবিমানে সাধারণত দুইজন ক্রু থাকেন—একজন পাইলট এবং অন্যজন অস্ত্র সিস্টেম অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র: আনাদোলু

Leave A Reply


Math Captcha
37 − = 36