Saturday, November 7

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান অভিযানে ইরানের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন এবং নিহত হয়েছেন তার স্ত্রী। বুধবার তেহরান-এ তার বাসভবনে এই হামলা চালানো হয়।

ইরানি সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, হামলার পর গুরুতর আহত অবস্থায় কামাল খারাজি ও তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক খারাজির স্ত্রীকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।

কামাল খারাজি ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। পরে তিনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র পররাষ্ট্র উপদেষ্টা এবং স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেইন রিলেশন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। খামেনির মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন তার ছেলে মোজতবা খামেনি, যারও পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন খারাজি।

ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা চলছিল। সংলাপ ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে। অভিযানের প্রথম দিনেই খামেনিসহ ইরানের সামরিক ও প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হন বলে দাবি করা হয়।

এর জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৩৪০ জনে পৌঁছেছে বলে জানা গেছে।

Leave A Reply


Math Captcha
46 − 43 =