Friday, November 6

হরমুজ প্রণালিতে প্রবেশের সময় একটি তেলবাহী জাহাজের ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর সেটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

ইরানের মেহর নিউজ এজেন্সি এর আগে কেশম দ্বীপের উপকূলের কাছে বিস্ফোরণের শব্দ শোনার খবর দেয়। ইরানি সূত্রের ভাষ্য, নৌপথ ব্যবহারের নিয়ম ভেঙে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে গুলি চালানোর সঙ্গে বিস্ফোরণের ঘটনা সম্পর্কিত হতে পারে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে জাহাজটির পরিচয়, বিস্ফোরণে কেউ হতাহত হয়েছেন কি না কিংবা জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, ইরানের আকাশসীমার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এবং হরমুজ প্রণালিতে তেল পরিবহন নিরাপদ রাখতে মার্কিন বাহিনী কাজ করছে। তাঁর ভাষ্য, সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় বর্তমানে এই প্রণালি দিয়ে তেল পরিবহনের পরিমাণ বেশি।

চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ নিয়ে একাধিক ঘটনার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে প্রণালিতে কয়েকটি ট্যাংকার অজ্ঞাতনামা গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ঘটনায় ট্যাংকারে আগুনও লাগে; ওই ঘটনায় জাহাজের ক্রুরা নিরাপদ ছিলেন বলে জানানো হয়।

ইরান চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। পরে জুনে একটি সমঝোতার পর নৌপথটি স্বল্প সময়ের জন্য আবার খুলে দেওয়া হলেও উত্তেজনা বাড়ার পর পরিস্থিতির অবনতি ঘটে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধ কার্যকর করতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাদের বাহিনী ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে। এর মধ্যে আগের এক সপ্তাহেই ১০টি জাহাজকে অন্য পথে সরিয়ে দেওয়া হয়।

Leave A Reply


Math Captcha
80 − = 70