দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা, গোলাবর্ষণ ও গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) এসব হামলা ও গোলাবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।
এনএনএর প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলের বেইত ইয়াহুন, আল-মানসুরি, ওয়াদি জেবকিন ও ওয়াদি সালুকি এলাকায় গোলাবর্ষণ করা হয়েছে। পাশাপাশি হাদাথা ও বারাআশিতের উপকণ্ঠ লক্ষ্য করে মেশিনগান দিয়ে গুলি চালানোর খবর পাওয়া গেছে।
সুর জেলার আল-মানসুরি এলাকায় দুটি বিমান হামলা চালানো হয়েছে বলে জানায় এনএনএ। অন্যদিকে বিনত জবেইল জেলার আইতারুন ও বেইত লিফ এলাকায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এ ছাড়া আল-মানসুরি ও মাজদাল জাউন এলাকাতেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার (২ অক্টোবর) লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশের সব সিদ্ধান্ত এবং সামরিক শক্তি এককভাবে রাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখার নীতির ওপর জোর দেন তিনি।
দক্ষিণ লেবাননে সাম্প্রতিক হামলা ও উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী সালামের এই বক্তব্য এলো।

