Friday, November 6

ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় সৌদি বাহিনী ৯৪টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুতিরা। শুক্রবার (২ অক্টোবর) হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ দাবি করেন।

ইয়াহিয়া সারি বলেন, এসব হামলায় বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এতে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। তার দাবি অনুযায়ী, রাজধানী সানা ছাড়াও সাদা, তাইজ, হাজ্জাহ, আমরান ও ইব প্রদেশের বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়।

হুতিদের সামরিক মুখপাত্রের দাবি, এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। যুদ্ধবিমানগুলো খামিস মুশাইত ও তাইফের বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে বলে তিনি দাবি করেন। পাশাপাশি নজরান ও জিজান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি।

সারি আরও দাবি করেন, সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে ইয়েমেনে সৌদি বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা ১ হাজার ৩৫০টিতে পৌঁছেছে।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি জানিয়েছেন, খামিস মুশাইতের দিকে হুতিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

এর আগে সৌদি জোট জানিয়েছিল, খামিস মুশাইত ও জিজানের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং খামিস মুশাইতের দিকে ছোড়া চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সৌদি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, একটি ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খামিস মুশাইতে পড়ে কয়েকটি ভবন ও যানবাহনের ক্ষতি করে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষ থেকেও তাইজ প্রদেশে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলার কথা জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিন ঘণ্টার মধ্যে সেখানে ২০টি বিমান হামলার দাবি করেছে ওই পক্ষ।

সাম্প্রতিক এসব পাল্টাপাল্টি হামলার মধ্যে সৌদি আরব হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান প্রস্তুত করছে বলে রয়টার্স জানিয়েছে।

Leave A Reply


Math Captcha
9 + 1 =