যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার প্রস্তুতির অভিযোগে দুই ইরানি নাগরিকের বিরুদ্ধে মামলা করেছে দেশটির পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) জানায়, রাহমান সালেহি (৩৫) ও সালাম আহমাদিয়ান (৩৬)-এর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়ার অভিযোগ আনা হয়েছে। ২০ সেপ্টেম্বর ইয়োম কিপুরের আগের দিন গ্রেটার ম্যানচেস্টারে কথিত ওই ঘটনার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
সিপিএসের তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে ২০০৬ সালের টেররিজম অ্যাক্টের ৫(১) ধারায় সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের প্রস্তুতি বা অন্য কাউকে তা সংঘটনে সহায়তার উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়েছে। আগামী শনিবার (৩ অক্টোবর) তাদের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির করার কথা রয়েছে।
পুলিশের তদন্তে জানা গেছে, সন্দেহভাজন দুই ব্যক্তি বিদেশে অবস্থানরত তৃতীয় এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই ব্যক্তি ইরানে থাকতে পারেন বলে ধারণা করা হলেও বিষয়টি এখনো তদন্তাধীন।
কাউন্টার টেররিজম পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ভিকি ইভান্স জানিয়েছেন, ম্যানচেস্টারের ঘটনাটির সঙ্গে রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে ঘটে যাওয়া পৃথক একটি ঘটনার কোনো যোগসূত্র তদন্তকারীরা পাননি।
এদিকে, গ্রেটার ম্যানচেস্টারের মেয়র বেভ ক্রেইগ ও ডেপুটি মেয়র কেট গ্রিন বলেছেন, ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে কথিত ওই ষড়যন্ত্রের সঙ্গে জনসাধারণের জন্য চলমান কোনো হুমকি রয়েছে বলে কাউন্টার টেররিজম পুলিশ মনে করছে না।
সিপিএস জানিয়েছে, মামলাটি এখন বিচারাধীন। অভিযোগ আনা কোনোভাবেই আসামিদের অপরাধী সাব্যস্ত হওয়ার অর্থ নয়; তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা আদালতের বিচারপ্রক্রিয়ায় নির্ধারিত হবে।

