Friday, November 6

সৌদি আরবের মদিনায় তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। হামলাটিকে ‘গুরুতর উসকানি’ হিসেবে উল্লেখ করে ইসলামাবাদ বলেছে, মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খবর আল জাজিরার।

শুক্রবার (২ অক্টোবর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ২৯ সেপ্টেম্বর মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালানো হয়। হামলাটি মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী বেসামরিক অবকাঠামোর ওপর সংঘটিত হওয়ায় বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান।

বিবৃতিতে বলা হয়, ‘দুই পবিত্র মসজিদের পবিত্রতা এবং মুসল্লি ও হজযাত্রীদের নিরাপত্তা সব পরিস্থিতিতেই সম্মান করতে হবে।’ একই সঙ্গে এ ধরনের ‘বেপরোয়া কর্মকাণ্ড’ অবিলম্বে ও নিঃশর্তভাবে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। পাকিস্তানের মতে, এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করে।

মদিনার বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলার জন্য সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের দায়ী করেছে। জোটের দাবি, হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে গেলেও মদিনার বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়েনি। তদন্ত ও ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে হুতিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি করেছে জোট। তবে হুতিরা এ অভিযোগ অস্বীকার করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের প্রতি তাদের ‘অটুট সংহতি’ পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে ইসলামাবাদ।

এর আগে সৌদি আরবের মক্কা ও অন্যান্য স্থানে হুতিদের হামলার অভিযোগের পরও পাকিস্তান সৌদি আরবের নিরাপত্তার প্রতি সমর্থন জানিয়েছিল। গত ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মক্কা ও মদিনার পবিত্রতার প্রতি যেকোনো হুমকিকে ‘লাল রেখা’ হিসেবে উল্লেখ করেন।

Leave A Reply


Math Captcha
− 4 = 1