Friday, November 6

ইরাক থেকে নিজেদের সর্বশেষ সামরিক সদস্যদেরও প্রত্যাহার সম্পন্ন করেছে ইতালি। এর মধ্য দিয়ে দেশটিতে ইতালির ১২ বছরের সামরিক উপস্থিতির অবসান হলো। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সর্বশেষ যেসব সামরিক সদস্য ইরাকে ছিলেন, তারা মূলত সামরিক সরঞ্জাম ও লজিস্টিক উপকরণ সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। বাগদাদের কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা অনুযায়ী, ইতালিসহ সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক বাহিনী ৩০ সেপ্টেম্বরের সময়সীমার মধ্যে ইরাকের ভূখণ্ড ছেড়ে যায়।

এর আগে মার্চেই ইরাক থেকে ইতালির বেশিরভাগ সেনা ও সামরিক সদস্য প্রত্যাহার করা হয়েছিল। এরপর কয়েক সপ্তাহ শুধু প্রয়োজনীয় সরঞ্জাম ও সামরিক উপকরণ সরিয়ে নেওয়ার দলগুলো দেশটিতে অবস্থান করছিল।

ইতালীয় সেনারা ইসলামিক স্টেট বা দায়েশবিরোধী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘অপারেশন ইনহেরেন্ট রিজলভ’-এ অংশ নেয়। পাশাপাশি তারা ন্যাটোর মিশন ইরাকেও কাজ করেছে। এ মিশনের অন্যতম লক্ষ্য ছিল ইরাকি সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোকে প্রশিক্ষণ, পরামর্শ এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, সেনা প্রত্যাহারের মাধ্যমে ইরাকের নিরাপত্তার দায়িত্ব ইরাকি বাহিনীর হাতে আরও বেশি করে যাওয়ার একটি নতুন পর্যায় শুরু হয়েছে। তবে এর অর্থ ইরাকের সঙ্গে ইতালির সহযোগিতা পুরোপুরি শেষ হয়ে যাওয়া নয়। সামরিক উপস্থিতি কমলেও প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে রোম।

তবে ইরাকে ইতালির উপস্থিতি পুরোপুরি শেষ হচ্ছে না। ইউরোপীয় ইউনিয়নের ‘EUAM Iraq’ মিশনের অধীনে দুই ইতালীয় কারাবিনিয়েরি কর্মকর্তা দেশটিতে থাকবেন। ইরাকি সরকারের অনুমোদনেই ওই মিশন পরিচালিত হচ্ছে।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অপারেশন ইনহেরেন্ট রিজলভ ও ন্যাটো মিশন ইরাক থেকে নয়, অন্যান্য দেশ থেকে কার্যক্রম চালিয়ে যাবে। ন্যাটো মিশন ইরাকের অস্থায়ী সদর দপ্তর ইতালির নেপলসের কাছে লাগো পাত্রিয়ায় স্থানান্তরিত হয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 4 = 8