Friday, November 6

ইরানের দেওয়া শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের আলোচকেরা ইরানের সঙ্গে আবারও আলোচনা করতে পারেন বলে জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববাজারে তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে।

সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৩২ ডলার বা ১ দশমিক ২৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৬৪ ডলারে ওঠে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৭৬ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ১১ ডলারে দাঁড়ায়।

গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরান একটি শান্তি প্রস্তাব দেয়। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলে জানায় তেহরান। প্রস্তাবে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসানের উদ্যোগের কথা বলা হয়।

শনিবার ট্রাম্প জানান, তিনি ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে রোববার অ্যাক্সিওসকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে তিনি বলেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের আলোচকেরা ইরানের সঙ্গে আরও আলোচনা করবেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, কূটনীতিই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনের পথ। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি নির্দিষ্ট কিছু শর্ত পূরণের সঙ্গে যুক্ত এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অবস্থান জানার অপেক্ষায় রয়েছে তেহরান।

মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে বাজারে উদ্বেগও রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইয়েমেনের হুতিদের হামলা অব্যাহত থাকায় আঞ্চলিক তেল সরবরাহব্যবস্থা ঝুঁকির মধ্যে রয়েছে। একই সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে।

তবে সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের প্রধান উৎপাদক দেশগুলো থেকে অপরিশোধিত তেল রপ্তানি বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে কেপলারের প্রাথমিক তথ্যের বরাতে বলা হয়েছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের রপ্তানি বৃদ্ধির কারণে এ সরবরাহ বাড়ছে। একই সময়ে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনও বেড়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, একদিকে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা থাকলেও অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও তেল সরবরাহের ঝুঁকি অব্যাহত থাকায় জ্বালানি বাজারে অনিশ্চয়তা রয়েছে।

Leave A Reply


Math Captcha
52 − = 43